সাধারণত বৃষ্টির পর ধুলিকণা কমে গিয়ে শহরের বাতাস নির্মল হওয়ার কথা থাকলেও, ঢাকার ক্ষেত্রে চিত্রটা এবার ভিন্ন। গত কয়েকদিনের টানা বৃষ্টিতেও কাটেনি বায়ুদূষণের অভিশাপ। উল্টো আজ মঙ্গলবার সকালে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার (IQAir)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আজ সকালের সূচকে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ১৬৭। বায়ুমানের এই মাত্রা জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
একই সময়ে দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেংদু শহর। শহরটির বায়ুমানের স্কোর ১৫৬। এছাড়া ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি, ১৪৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতে দিল্লি।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক বা একিউআই (AQI) শূন্য থেকে ৫০ পর্যন্ত হলে তাকে ‘ভালো’ বলা হয়। তবে স্কোর ১৫০ পার হলেই তা সাধারণ মানুষের জন্য অস্বাস্থ্যকর হয়ে দাঁড়ায়।
বায়ুমানের সূচক বিশ্লেষণ, ১০১ – ১৫০, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ – ২০০, সকলের জন্য অস্বাস্থ্যকর। ২০১ – ৩০০, অত্যন্ত অস্বাস্থ্যকর (জরুরি অবস্থা)। ৩০১+: বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ।
বর্তমান পরিস্থিতিতে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত রোগীদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সাধারণ নাগরিকদের বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহার এবং দীর্ঘক্ষণ খোলা বাতাসে অবস্থান না করার বিষয়ে সতর্ক করা হয়েছে।




