কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় অন্তত ৮০ জন প্রাণ হারিয়েছেন। সোমবার (২৩ মার্চ) ১২১ জন আরোহী নিয়ে একটি সামরিক পরিবহন বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হলে এই হতাহতের ঘটনা ঘটে। আরোহীদের সিংহভাগই ছিলেন দেশটির সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্য।
প্রতিরক্ষামন্ত্রী পেড্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জানিয়েছেন, আমাজন অঞ্চলভুক্ত পুতুমায়ো প্রদেশের প্রত্যন্ত এলাকা পুয়ের্তো লেগুইজামোতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। অঞ্চলটি পেরু ও ইকুয়েডর সীমান্তের অত্যন্ত কাছাকাছি অবস্থিত।
বিমানবাহিনী সূত্র নিশ্চিত করেছে যে, বিধ্বস্ত হওয়া হারকিউলিস সি-১৩০ বিমানটিতে ১১ জন ক্রু এবং ১১০ জন সৈন্যসহ মোট ১২১ জন আরোহী ছিলেন। উড্ডয়নের মাত্র দুই কিলোমিটারের মাথায় যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিমানটি আছড়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে এবং স্থানীয় বাসিন্দারা মোটরসাইকেলের সাহায্যে আহতদের উদ্ধারে এগিয়ে আসছেন।
দুর্ঘটনার পর কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো সামরিক সরঞ্জামের আধুনিকীকরণে দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতার তীব্র সমালোচনা করেছেন।
প্রশাসনিক স্থবিরতার কারণে সামরিক বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। ব্যর্থ কর্মকর্তাদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা হবে। প্রয়োজনে দায়িত্ব পালনে অক্ষম কর্মকর্তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হবে।
বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা জানিয়েছেন, আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজধানী বোগোটাসহ বিভিন্ন বড় হাসপাতালে সরিয়ে নিতে ৭৪ শয্যাবিশিষ্ট দুটি বিশেষ বিমান মোতায়েন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী এই ঘটনাকে দেশের জন্য একটি ‘বেদনাদায়ক দিন’ হিসেবে অভিহিত করে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।






