দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ২৫ এপ্রিল (শনিবার) দেশব্যাপী একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ভর্তি পরীক্ষা ওইদিন বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। দেশের সকল বিভাগীয় ও জেলা পর্যায়ের মোট ১৩৮টি কেন্দ্রে প্রায় ৪ লাখ ৫০ হাজার পরীক্ষার্থী এবারের ভর্তি যুদ্ধে অংশ নেবেন।
যেসব আবেদনকারীর প্রাথমিক আবেদন ইতিমধ্যে নিশ্চয়ন করা হয়েছে, তারা আগামী ১১ এপ্রিল থেকে ২৪ এপ্রিলের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট। ‘Applicant Login’ (Honours Login) অপশনে গিয়ে নিজের অ্যাপ্লিকেশন আইডি ও পিন নম্বর ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিছু কঠোর নির্দেশনা জারি করেছে, পরীক্ষা শুরুর অন্তত ৪৫ মিনিট আগে (সকাল ১০টা ১৫ মিনিটের মধ্যে) পরীক্ষার্থীদের অবশ্যই কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার হলে মূল প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে রাখতে হবে। কোনো ধরনের বিভ্রান্তি এড়াতে পরীক্ষার অন্তত তিন দিন আগে নিজ নিজ কেন্দ্রের আসন বিন্যাস দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ভর্তি সংক্রান্ত যাবতীয় আপডেট এবং নির্দেশনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত ওয়েবসাইট চেক করার অনুরোধ জানিয়েছে।







