বাংলাদেশের নাগরিকসহ ৮৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টা থেকে দেশটির সেলানগর রাজ্যের সেলায়াং বারু এলাকায় সেলায়াং বাজার ও তানি মার্কেটে এ অভিযান চালানো হয়।
মোট ১ হাজার ১১৬ জনের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ নথি না থাকায় ৮৪৩ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ইন্দোনেশিয়া, ভারত, মিয়ানমার, নেপাল, পাকিস্তানের নাগরিকও আছেন। তবে কতজন বাংলাদেশি— তা এখনো জানায়নি কর্তৃপক্ষ।
অভিযানে নেতৃত্ব দেন সেলানগরের মুখ্যমন্ত্রী আমিরুদিন শারি। তিনি বলেন, রাজধানীর কাছে হওয়ায় এলাকায় অনেক বিদেশি শ্রমিক অবৈধভাবে থাকছিলেন এবং অনেকে রাস্তার পাশে অনুমতি ছাড়া ব্যবসা করছিলেন। জননিরাপত্তার জন্য ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করেই অভিযান চালানো হয়েছে।
আটকদের মধ্যে ৩৫ জন নারী রয়েছেন। সবার বয়স ২১ থেকে ৫৩ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে ওভারস্টে, বৈধ পরিচয়পত্র না থাকা ও জাল কাগজ ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।









