সৈয়দপুর বিমানবন্দরকে ঘিরে আঞ্চলিক যোগাযোগের এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। উত্তরবঙ্গের এই বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার মাধ্যমে নেপাল, ভুটান ও ভারতের সাথে সরাসরি সংযোগ স্থাপনে বিশেষ আগ্রহ প্রকাশ করেছে নেপাল সরকার।
রোববার (২৯ মার্চ) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সাথে এক সৌজন্য সাক্ষাৎকারে এই প্রস্তাব দেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
নেপালের রাষ্ট্রদূত জানান, সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে বাণিজ্য ও পর্যটনে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যোগাযোগের একটি কৌশলগত কেন্দ্র হয়ে উঠতে পারে।
বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। বিমান ও পর্যটন খাতের সামগ্রিক উন্নয়নে বাংলাদেশের কারিগরি ও কৌশলগত সহযোগিতা চেয়েছে নেপাল।
ঢাকা–কাঠমাণ্ডু রুটে আকাশপথের ভ্রমণ আরও সহজলভ্য করতে এবং পর্যটক সংখ্যা বাড়াতে বিমান ভাড়া নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
উভয় পক্ষই পর্যটন শিল্পের প্রসারে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। মন্ত্রী ও প্রতিমন্ত্রী নেপালকে সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদানের নিশ্চয়তা দিয়েছেন।
মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের অর্থনীতিতে প্রাণসঞ্চার হবে এবং নেপালের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে।






