বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির বড়সড় একটি চেষ্টা নসাৎ করে দিয়েছে পুলিশ। অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আন্তঃজেলা ডাকাত চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার চৌমুহনী তিশিগাড়ী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়।
আজ শুক্রবার (৫ জুন) দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আতোয়ার রহমান।
আটকরা হলেন– বগুড়ার কাহালু উপজেলার পুগইল গ্রামের মৃত নাজির উদ্দিনের ছেলে ইমরান হোসেন (৩০), দুপচাঁচিয়া উপজেলার নওদাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে মো. সোহেল (২৮), কাহালু উপজেলার চাঁনপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রাব্বী হাসান (২১) ও একই উপজেলার পাঁচপীর নলঘড়িয়া গ্রামের আব্বাস আলীর ছেলে আবদুল হালিম (২০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে তিশিগাড়ী এলাকার একটি বাড়িতে একদল ডাকাত জড়ো হয়ে ডাকাতির ছক কষছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে দ্রুত অভিযানে নামে পুলিশ। টের পেয়ে ৮ থেকে ১০ জনের ডাকাত দলটি দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে ধাওয়া করে পুলিশ চারজনকে ধরে ফেলতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায়।
তল্লাশি চালিয়ে আটককৃতদের কাছ থেকে একটি রিভলবার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুটি গামছা জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, পুলিশের এই সময়োপযোগী ও তাৎক্ষণিক তৎপরতার কারণে একটি বড় ধরনের অপরাধ বা ডাকাতির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, সম্প্রতি শিবগঞ্জ ও নন্দীগ্রাম এলাকায় ঘটে যাওয়া কয়েকটি ডাকাতির ঘটনার সাথে তারা সরাসরি জড়িত ছিল। তাদের প্রত্যেকের নামেই বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সাথে এই চক্রের বাকি পলাতক সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।





