মাঠের লড়াইয়ে আরও একবার নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। নিকটতম প্রতিদ্বন্দ্বী লেন্সকে ২-০ গোলে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই ফরাসি লিগ ওয়ানের শিরোপা নিজেদের করে নিল লুইস এনরিকের শিষ্যরা। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে লেন্সের চেয়ে ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল লিগ জায়ান্টরা।
ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে লেন্সের রক্ষণে একের পর এক আক্রমণ শানাতে থাকে পিএসজি। খেলার প্রথমার্ধেই দলকে লিড এনে দেন জর্জিয়ান ফরোয়ার্ড খিচা খাভারেস্খেলিয়া। এটি ছিল চলতি মৌসুমে তার ব্যক্তিগত ১৯তম গোল। বিরতির পর লেন্স ম্যাচে ফেরার চেষ্টা করলেও পিএসজির রক্ষণভাগের দেয়াল ভাঙতে ব্যর্থ হয়। একদম শেষ মুহূর্তে বদলি হিসেবে নামা তরুণ তুর্কি ইব্রাহিম এমবায়ে জালের দেখা পেলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয় প্যারিসের ক্লাবটির।
এই শিরোপার মাধ্যমে ফরাসি লিগে রেকর্ড ১৪তম শিরোপা জিতল পিএসজি। গত ১৪ বছরে এটি তাদের ১২তম লিগ ট্রফি এবং এ নিয়ে টানা পঞ্চমবার ট্রফি জয়, যা ফরাসি ফুটবলে তাদের ধারাবাহিক আধিপত্যকে আরও স্পষ্ট করে।
চলতি মৌসুমটি পিএসজির জন্য আক্ষরিক অর্থেই স্বপ্নের মতো কাটছে। লিগ শিরোপার আগে তারা ইতিমধ্যে ঘরে তুলেছে, উয়েফা সুপার কাপ, ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ, ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফি
প্যারিসিয়ানদের পরবর্তী লক্ষ্য এখন ইউরোপসেরার মুকুট জেতা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ফাইনালে তারা মুখোমুখি হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের শক্তিশালী ক্লাব আর্সেনালের। ফুটবল প্রেমীদের নজর এখন সেই মাহেন্দ্রক্ষণের দিকে—পিএসজি কি পারবে তাদের অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাটি জিতে সিজনটি স্মরণীয় করে রাখতে?







