দেশের বাজারে সোনা ও রুপার দামে বড় ধরনের পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা পর্যন্ত কমিয়েছে। আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল ১০টা থেকে নতুন এই দর দেশব্যাপী কার্যকর করা হয়েছে।
আজ সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটের দামের সাথে সমন্বয় করে এই নতুন মূল্য তালিকা নির্ধারণ করেছে সংগঠনটি।
নতুন তালিকা অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা। গতকাল সোমবারও এই মানের সোনা বিক্রি হয়েছিল ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়।
এছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকায় কেনা যাবে।
সোনার পাশাপাশি রুপার দামেও কিছুটা পরিবর্তন এনেছে বাজুস। নতুন রেট অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৯১ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৭৪১ টাকা।








