সিলেট অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ (রোববার) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, সিলেট ও তৎসংলগ্ন এলাকায় পশ্চিম অথবা উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।ঝোড়ো হাওয়ার পাশাপাশি এই অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।উদ্ভূত পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
দুপুর ১টা পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।





