মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রে মিশন। সম্ভাব্য ‘আকাশপথের হুমকি’ মোকাবিলায় আমেরিকানদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মার্কিন মিশন জানায়, তারা আমিরাতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যেকোনো জরুরি অবস্থায় স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলা এবং প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে মার্কিন নাগরিকদের।
উল্লেখ্য, গত সোমবার সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে যে তারা ইরান থেকে ছোঁড়া ১৫টি ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন আকাশেই ধ্বংস করেছে। আমিরাত কর্তৃপক্ষ এই আক্রমণকে ‘বিশ্বাসঘাতকতামূলক’ হিসেবে বর্ণনা করে এর পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখে বলে হুঁশিয়ারি দিয়েছে। তবে এই হামলার বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
বর্তমান নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় মার্কিন মিশন আমিরাতের জন্য তাদের ভ্রমণ সতর্কবার্তা ‘৩-স্তরে’ অপরিবর্তিত রেখেছে। এর অর্থ হলো, মার্কিন নাগরিকদের এই মুহূর্তে দেশটি ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়,দুবাই ও আবুধাবিতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট কার্যক্রম চালু রয়েছে। নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে ‘জরুরি নন’ এমন সরকারি কর্মীদের সাময়িকভাবে আমিরাতের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা







