দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি নিয়ে বড় ধরনের একটি পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে এবং এ বিষয়ে মন্ত্রণালয়ের প্রাথমিক পরিকল্পনা কী—তা নিয়ে থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন।
শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের দীর্ঘদিনের আলোচনার পর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার একটি খসড়া সময়সূচি সামনে এসেছে। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ৩১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হয়ে ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারির মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে ডিসেম্বর মাসে পরীক্ষা শুরু করার একটি নির্দেশনা ছিল। অন্যদিকে, শিক্ষার্থীদের পক্ষ থেকে জানুয়ারি মাসে পরীক্ষা নেয়ার দাবি জানানো হয়। এই দুই পক্ষের মতামতের সমন্বয় করতেই ৩১ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু করার একটি প্রস্তাব রাখা হয়েছে।
প্রাথমিক খসড়া অনুযায়ী, ৩১ ডিসেম্বর শুরু হয়ে পুরো জানুয়ারি মাসজুড়ে চলবে। এরপর ১ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে শেষ করার পরিকল্পনা। ২০২৭ সালের ৮ বা ৯ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। রোজার ছুটির আগেই যেন পরীক্ষা শেষ করা যায়, মূলত সেই লক্ষ্যেই এই সময়সূচি সাজানো হচ্ছে।
শুধু সময়সূচিই নয়, ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় প্রথমবারের মতো সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার একটি বড় উদ্যোগও নিতে যাচ্ছে সরকার। এছাড়া, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে ভবিষ্যতে এসএসসি পরীক্ষা পুরোপুরি ডিসেম্বর মাসে নিয়ে আসার চিন্তাভাবনাও করছে মন্ত্রণালয়।
তবে এটি এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই এই খসড়া প্রস্তাবটি পর্যালোচনা করে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে।







